নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার কইলাইল ইউনিয়নের নরিকান্দা গ্রামে রুহুল আমিন নামে এক যুবকের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত রুহুল আমিন ওই গ্রামের বাসিন্দা ছত্তর শেখের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুহুল আমিন মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের অভিযোগ, মাদক কারবারের কারণে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
সম্প্রতি রুহুল আমিনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভিডিওতে তাকে মাদক সেবন করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও এর সময়কাল স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, এলাকায় মাদক বিক্রির কারণে সামাজিক পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল মাদক নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

