আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি, কোক ও পচা ডিম নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে হেনস্তার চেষ্টা করতে দেখা যায়। পরে সঙ্গে থাকা তার ভাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যান।
ফেসবুক লাইভে বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেন। এ সময় তার ফোন ফেলে দেওয়া এবং কানে আঘাত করারও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

