আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে এবং রংপুরের দর্শনার স্বেচ্ছাসেবী সংগঠন ‘দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল’-এর পরিচালনায় জয়পুরহাটের পাঁচবিবির মালঞ্চা মাতাইশ মঞ্জিল মুক্ত খেলাঘর প্রাঙ্গণে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে আয়োজিত এ চক্ষু শিবিরে এলাকার শতাধিক নারী-পুরুষের চোখ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন। যাঁদের চোখে জটিল সমস্যা শনাক্ত হয়েছে, তাঁদের উন্নত চিকিৎসার জন্য দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে রংপুরে নেওয়া হয়।
শিবিরের সার্বিক সহযোগিতায় ছিলেন পাঁচবিবি পৌর থিয়েটার ও অন্বেষণ সাংস্কৃতিক সংঘের সভাপতি মো. শফিকুল আলম চৌধুরী বিপ্লব এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারী পরিচালক মো. সুলতান মাহমুদ। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাকিব হোসেন, নাহিদ, বিপ্লব, দুলালী ও মুসকুরা মিম।
আয়োজক বিপ্লব চৌধুরী জানান, সমাজের গরিব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

