আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): মৎস্যসম্পদ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৪৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।
রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রাম এবং বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে জনসম্মুখে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি বলেন, মাছের প্রজনন মৌসুমে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ এসব জাল জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারকারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, নিষিদ্ধ জালের কারণে ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকা জরুরি বলে মনে করেন তাঁরা।

