আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার পাশাপাশি মানবিক সহায়তা নিশ্চিতের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে একই দিন অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিদ্যালয়ে আয়োজিত উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও গণপূর্ত অডিট অধিদপ্তরের মহাপরিচালক এবং বাগজানার কৃতী সন্তান মো. আমিনুল ইসলাম মেহবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামছুল ইসলাম, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মজিদ, প্রতিষ্ঠানের দাতা সদস্য বাবু দুলাল অধিকারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বাবুল ও নির্বাহী পরিচালক দীপঙ্কর অধিকারীসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির আয়োজনে এবং বাগজানা পল্লী প্রগতি সংস্থা (বিপিপিএস)-এর সার্বিক সহযোগিতায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদেরও ড্রেস প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। এমন শিশুদের অবহেলা বা ঘৃণার চোখে না দেখে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদেরও উৎসাহিত করবে।
এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যত্ন, থেরাপি ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা।

