সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম

নলডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মো. আমির বেপারী (৫০) নামে এক ভ্যানচালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের কুমুদ মাটি পাকা সড়কের ওপর এ মারামারির ঘটনা ঘটে।

আহত আমির বেপারী নলডাঙ্গা উপজেলার বিলজোয়ানি গ্রামের মৃত কালাই বেপারীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সারাদিন ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন আমির বেপারী। পথিমধ্যে কুমুদ মাটি পাকা সড়কের ওপর পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মোছা. জাহানারা বেওয়া (৫০) তার ভ্যান থামান এবং ১ নম্বর বিবাদী মো. ওমর আলীকে (৪৫) ফোন করে ডেকে আনেন। খবর পেয়ে ওমর আলীর সঙ্গে তার ছেলে মো. শাউন সিকদার (২০) এবং একই এলাকার মো. সবুজ সিকদার (৩০) ঘটনাস্থলে আসেন।

একপর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে আমির বেপারীকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলায় তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশে রক্তাক্ত ও গুরুতর ফোলা জখম হয়। আহত ব্যক্তির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসা শেষে ভুক্তভোগী বাদী হয়ে নলডাঙ্গা থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, ভুক্তভোগী চিকিৎসাসেবা শেষে থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *