পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীসহ চারজন অনলাইন জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত স্মার্টফোন জব্দ করা হয়।
গতকাল বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার কালেক্টর স্কুলের সামনে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকায় অপর এক অভিযানে ১০১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়া খেলার কাজে ব্যবহৃত স্মার্টফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এসআই মো. শাখাওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ হোসেন মাদকদ্রব্য উদ্ধার ও অনলাইন জুয়াড়িদের গ্রেপ্তার অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) ও তার স্ত্রী মোছা. রিনা আক্তার (২২)। অপর দুজন হলেন পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. মাহফুজার রহমান (২৬) এবং ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের শেখ সাদীর ছেলে শালিন হোসেন (২৪)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলতেন। একই সঙ্গে তারা মাদকও বেচাকেনা করতেন।
অনলাইন জুয়া ও মাদক রাখার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
ওসি আরও বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

