বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাসচালকের নাম মাসুদ রানা (৪০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ওষুধভর্তি একটি মাইক্রোবাস গাইবান্ধার দিকে যাওয়ার পথে মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। অপরদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাইক্রোবাসের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।
নিহতের পরিচয় নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হারুন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

