পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে অটোভ্যান ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মৃত গোলজার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৬), মৃত আব্দুল জলিলের ছেলে হারুন উর রশীদ (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে সুমন ইসলাম (৩০) ও দেলদার হোসেনের ছেলে শাহারুল ইসলাম (২৮)। তাদের সবার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় জেলার কালাই উপজেলার মাত্রাই বাজারের কুলি শ্রমিক অফিসের সামনে থেকে একটি অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। ভ্যান ছিনতাইয়ের খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত অভিযানে নামে।

ছিনতাইকারীরা পালিয়ে পাঁচবিবি থানার শাইলট্টি বাজারের বিন্নিপাড়া চারমাথা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। পরে ছিনতাই হওয়া অটোভ্যানসহ চক্রের চার সদস্যকে আটক করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. তামবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া ভ্যানসহ চারজনকে আটক করে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা নং- ০৪/২৯২, তারিখ- ০২/০৯/২০২৬ ইং, ধারা- ৩৯৪ পেনাল কোডে মামলা করা হয়েছে।
ওসি জানান, এলাকায় অটোভ্যান ও ইজিবাইক ছিনতাই রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

