আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৩৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে ছিল ভলিবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সুস্থ প্রতিযোগিতার চেতনা শিখবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

