সর্বশেষ :
19 Oct 2026, Mon

বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুলে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুলে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (৩০ আগস্ট) শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সেলিনা আক্তার, সাবেক সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. মাসুম মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক চন্দা রানী দেবনাথ এবং অফিস সহকারী আশিষ দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা আগামী তিন দিন শ্রেণিকক্ষে ফিরবেন না বলেও ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের অব্যাহতির দাবিও জানান তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অন্যথায় তারা কর্মসূচি আরও জোরালো করার ঘোষণা দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *