সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ভোক্তা অধিকার আইনে জরিমানা ও বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ

লামায় ভোক্তা অধিকার আইনে জরিমানা ও বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান এবং বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারার বিধান লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করে এক দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় আরেকটি অভিযানে লামা উপজেলার সরই ইউনিয়নের ১০টি পৃথক স্পট থেকে খাল ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, টাকা ও বিভিন্নভাবে ‘ম্যানেজ’ করে অবৈধ বালু জব্দের পর নিলামের মাধ্যমে সেই বালুকে বৈধ করে সারা বছর একই নিলাম কার্যক্রম ব্যবহার করে বালু উত্তোলন ও পাচারে বেপরোয়া হয়ে ওঠে অবৈধ বালু পাচারকারী সিন্ডিকেট। নিলাম বন্ধে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, জনস্বার্থ রক্ষা, বাজারদর নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *