পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী আটাপাড়ার উত্তর গোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার রতনপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. আবু হাসান (৪৫) এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মো. গোলাম রাব্বি (৩২)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে নেশাজাতীয় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

