বেলাল আহমদ, লামা (বান্দরবান): নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য মনোনীত না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) লামা উপজেলা চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’র ব্যানারে সর্বস্তরের জনগণ এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি লামা বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি; আবদুল করিম, সমাজকর্মী ও সাংবাদিক; নজরুল ইসলাম, সাংবাদিক এবং এম রহুল আমিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলার মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে কোনো প্রতিনিধি না রাখা চরম বৈষম্যমূলক। পার্বত্য এলাকার সুষম উন্নয়ন ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় অবিলম্বে লামা থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা।
একই সঙ্গে বৈষম্য নিরসন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

