মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল মিয়া (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত ফয়সাল মিয়া লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে এবং স্থানীয় লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, ফয়সাল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়রা তাকে একজন ভদ্র ও নম্র ছেলে হিসেবে জানতেন।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে লাশ দাফনের অনুমতি পাওয়ার পর পরিবারের সদস্যরা লাশ দাফনের ব্যবস্থা করবেন।

