সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণে কমিউনিটি সভা অনুষ্ঠিত

লামায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণে কমিউনিটি সভা অনুষ্ঠিত

বেলাল আহমদ, লামা (বান্দরবান): ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বান্দরবানের লামা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় লামার আজিজনগরে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসের জেলা তথ্য অফিসার জনাব আনোয়ার হোসেন।

সভায় সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। সভায় উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমদ, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি এবং কমিউনিটি নেতৃবৃন্দ।

সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু, বয়স্ক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকা এবং দুর্যোগকালীন সরকারি সতর্কবার্তা যথাযথভাবে অনুসরণসহ বিভিন্ন জীবন রক্ষাকারী আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা তথ্য অফিসার জনাব আনোয়ার হোসেন বলেন, “দুর্যোগের সময় একটি সঠিক তথ্য যেমন মানুষের জীবন রক্ষা করতে পারে, তেমনি গুজব বা ভুল তথ্য মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বন্যা বা ভূমিধসের আশঙ্কার সময় সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ করতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। একই সঙ্গে পরিবারের শিশু, বয়স্ক ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।”

তিনি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ দুর্যোগকালীন সরকারি সেবা, সহায়তা ও ত্রাণের বিনিময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করেন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, জীবন রক্ষাকারী আচরণ অনুসরণ এবং কমিউনিটি পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা, সরকারি সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগকালীন সময়ে স্থানীয় পর্যায়ে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *