সর্বশেষ :
20 Oct 2026, Tue

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন; সেবা পেলেন ৬০০ মানুষ

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন; সেবা পেলেন ৬০০ মানুষ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে, রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এ ক্যাম্পেইনে পানছড়ি উপজেলা ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার প্রায় ৬০০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পেইনে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে পৃথক তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এসব রোগীর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুধু চিকিৎসা নয়, রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করার জন্যও কাজ করছি।

চিকিৎসাসেবা নিতে আসা উপকারভোগীরা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের চিকিৎসা ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে চক্ষু চিকিৎসার মতো বিশেষায়িত সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন তারা। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

চিকিৎসাসেবা শেষে রোগীদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *