ঢাকা প্রতিনিধি: বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, এসআই ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ১৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কদমতলী মোড় এলাকায় সিটি ব্যাংকের সামনে পাকা সড়ক থেকে মো. সোহেল (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোহেল পটুয়াখালীর বাউফল উপজেলার বগা গ্রামের ছাত্তারের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কাঠুরিয়া এলাকায় বসবাস করতেন।
অপর একটি অভিযানে এসআই মো. আপেল মাহমুদের নেতৃত্বে ১৭ আগস্ট রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কুন্ডা ইউনিয়নের পানগাঁও গ্রামের সাহা আলমের চাপটির দোকানের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জের মাওনা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. পারভেজ মোল্লা (৩২), দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পানগাঁও এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে শেখ হিমন (২৩) এবং একই এলাকার দুলাল মিয়ার ছেলে মো. অপু মিয়া (৩৪)। তাদের কাছ থেকে যথাক্রমে ১০ গ্রাম হেরোইন, ১০ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে এসআই মো. মহরম আলীর নেতৃত্বে ১৭ আগস্ট সকাল ৬টা ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ গোলাম আলীনগর এলাকায় হক মিয়ার বাড়ির সামনে সড়ক থেকে মোছা. শারমিন ইসলাম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি গোলাম আলীনগর এলাকার মো. আবুল বাশারের মেয়ে ও মো. দীন ইসলামের স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

