সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির সাবিহা চিকিৎসক হতে চায়

পাঁচবিবির সাবিহা চিকিৎসক হতে চায়

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হয়ে মানবসেবা করার স্বপ্ন দেখছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাপড় ব্যবসায়ীর মেয়ে সাবিহা মমতাহা অর্নি।

এ বছর এসএসসি পরীক্ষায় পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৯৪ নম্বর পেয়েছে অর্নি। জিপিএ-৫সহ সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে সে। উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে সাবিহা অর্নি।

অবসর সময়ে সে বিভিন্ন সেমিনার ও প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিত। উপজেলা প্রশাসন, বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছে অর্নি।

পাঁচবিবি বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের দ্বিতীয় মেয়ে অর্নি। সাইফুল ইসলামের তিন মেয়ে। বড় মেয়ে কলেজে এবং ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। মজার বিষয় হলো, তিন বোনই একই শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অর্নির স্বপ্ন, ভালোভাবে পড়ালেখা করে ভবিষ্যতে চিকিৎসক হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানবকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করা। ভালো ফলাফল প্রসঙ্গে তার মা-বাবা বলেন, অর্নি বেশি সময় পড়ালেখা না করলেও যতটুকু সময় পড়ার টেবিলে বসেছে, মনোযোগ দিয়ে পড়েছে।

অর্নির এমন সাফল্যে পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও বেশ আনন্দিত। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব বলেন, সাবিহা খুব মেধাবী ও শান্ত প্রকৃতির মেয়ে। পড়ালেখায় সে বরাবরই ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে। তার সফলতায় আমরা সব শিক্ষকই খুশি। সে আরও বড় হোক- এই দোয়া রইল।

সাবিহা মমতাহা অর্নির মা-বাবা মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে তাদের মেয়ে ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *