নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে দস্যুতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।
পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে সৌদি প্রবাসী আজিজুর রহমান বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি সড়কে ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে তার কাছ থেকে বিদেশ থেকে আনা চকলেট, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৩ হাজার টাকা।
এ ঘটনায় আজিজুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে সোমবার ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফের সহযোগিতায় আশুলিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে দস্যুতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলন শেখ (৪২), পিতা- মৃত নূর আলম শেখ, সাং- বলগ্রাম, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর; মো. রিপন বেপারী (২৪), পিতা- মৃত মোস্তফা বেপারী, সাং- চর দশরদী, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর এবং হযরত আলী (৩২), পিতা- মৃত মিন্টু মিয়া, সাং- খাল্লা, থানা- বাঞ্ছারামপুর, জেলা- কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

