দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় মো. সবুজ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সবুজ নারিশা পশ্চিমচর এলাকার আব্বাস বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ প্রতিরাতে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে বের হতেন। শুক্রবার রাতেও ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন বাগানে জামগাছের সঙ্গে মনেটকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে দোহার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

