সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মিছিল-সমাবেশ

নলডাঙ্গায় জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মিছিল-সমাবেশ

নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া।

এ সময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বক্তব্য দেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডাররা সহিংসতা চালায়। ওই সহিংসতায় শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এর পরিণতিতে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনার কোনো দৃশ্যমান বিচার হয়নি। নির্বাচিত সরকার জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের বিষয়ে টালবাহানা করছে। তাই অবিলম্বে জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানাই।”

বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ গণভোটে ৬৮ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। যারা এই গণভোট এবং জুলাই সনদ মানবে না, তারা প্রকারান্তরে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের মানুষ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। তাই জনগণের এই ম্যান্ডেট কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব, সেক্রেটারি ডা. ফজলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, নলডাঙ্গা থানা শিবিরের সভাপতি মো. তারেক রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নওশাদ নোমানী, বায়তুলমাল সম্পাদক মো. জিয়াদুল ইসলাম জিহাদ, নলডাঙ্গা পৌর জামায়াতের আমির মো. আব্দুল বারিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *