পাঁচবিবি (জয়পুরহাট): আবাসিক এলাকায় মুরগির খামারের শেড নির্মাণের ফলে পরিবেশ দূষণ ও দুর্গন্ধের আশঙ্কা প্রকাশ করে প্রতিকারের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।
অভিযোগকারী উপজেলার ভীমপুর গ্রামের মৃত আমিনুল মণ্ডলের ছেলে মো. ছাইদুল ইসলাম (ভলি)।
লিখিত অভিযোগে ছাইদুল ইসলাম উল্লেখ করেন, তাঁর বসতবাড়ির সংলগ্ন লেদু জোয়ার্দারের ছেলে মোজাম্মেল হক জোয়ার্দার (৬০) একটি মুরগির শেড নির্মাণ করছেন। সেখানে মুরগি পালন শুরু হলে মুরগির বিষ্ঠার দুর্গন্ধে বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়বে এবং পরিবেশ দূষিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি পরিবেশ দূষণ রোধ এবং বাড়ির পাশে মুরগির শেড নির্মাণ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মোজাম্মেল হক জোয়ার্দার বলেন, মুরগির বিষ্ঠার গন্ধ যাতে ছাইদুল ইসলামের বাড়িতে না যায়, সে জন্য তাঁর বাড়ির পাশের দিকে উঁচু করে দেয়াল নির্মাণ করা হবে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

