সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে ১৪তম চা নিলামে বিটিআরআইয়ের গ্রিন টি রেকর্ড ২,৭৯০ টাকা কেজি দরে বিক্রি

শ্রীমঙ্গলে ১৪তম চা নিলামে বিটিআরআইয়ের গ্রিন টি রেকর্ড ২,৭৯০ টাকা কেজি দরে বিক্রি

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে বৃহস্পতিবার (৬ আগস্ট) ২০২৬-২০২৭ নিলামবর্ষের ১৪তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে।

এ নিলামে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) উৎপাদিত গ্রিন টি সর্বোচ্চ ২,৭৯০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়েছে।

জানা গেছে, শ্রীমঙ্গল টি ব্রোকার্সের মাধ্যমে বিটিআরআইয়ের মোট ৯৯ কেজি গ্রিন টি পাঁচটি লটে বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে দুটি লট যথাক্রমে ২,৭৯০ টাকা এবং ২,৭১০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের চা নিলামের ইতিহাসে বিটিআরআইয়ের গ্রিন টি বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দর।

শ্রীমঙ্গল টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল উদ্দিন আহমদ বলেন, “বিটিআরআইয়ের গ্রিন টি উচ্চমানসম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। উন্নত গুণগত মানের কারণেই নিলামে এ ধরনের রেকর্ড মূল্য পাওয়া সম্ভব হয়েছে।”

শ্রীমঙ্গলের মোস্তাক টি হাউস ও গুপ্ত টি হাউস চা দুটি লট ক্রয় করেছে বলে জানা গেছে।

বিটিআরআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির গ্রিন টি ফ্যাক্টরি দেশের অন্যতম আধুনিক চা প্রক্রিয়াজাতকরণ, গবেষণা ও উৎপাদন কেন্দ্র। অভিজ্ঞ চা বিজ্ঞানীদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ ফ্যাক্টরিতে গবেষণালব্ধ প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের গ্রিন টি উৎপাদন করা হচ্ছে। এর ফলে শুধু বিটিআরআই নয়, দেশের বিভিন্ন চা কারখানা ও ক্ষুদ্র চা চাষিরাও আধুনিক গ্রিন টি উৎপাদন প্রযুক্তি ও মানোন্নয়নের সুফল পাচ্ছেন।

সূত্র আরও জানায়, ভোক্তাদের চাহিদা ও ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বর্তমানে বিভিন্ন গ্রেড ও মানের গ্রিন টি উৎপাদন করা হচ্ছে। দেশে ধীরে ধীরে গ্রিন টি-এর বাজার সম্প্রসারিত হচ্ছে, যা বাংলাদেশের চা শিল্পে বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *