সর্বশেষ :
19 Oct 2026, Mon

আলীকদমে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

আলীকদমে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বান্দরবানের আলীকদমে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে তথ্য অফিস, লামার উদ্যোগে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়।

সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তী এবং আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আজহারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিমন বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়িত হচ্ছে। এ সুবিধা পেতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পাশাপাশি সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় সঠিক কাগজপত্র দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। এছাড়া ভাতা জালিয়াতি এড়াতে মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে নারীদের সতর্ক করেন।

সমাবেশে সরকারি বিভিন্ন কল্যাণমূলক অনুদানের তথ্য তুলে ধরা হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, স্থায়ী পঙ্গুত্বে ৩ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সহায়তা পেতে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বিআরটিএ (BRTA) চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে।

এছাড়া জটিল ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোক, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত রোগে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সমাবেশে সরকার ঘোষিত কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের বিশেষ পরিবহন, প্রবাসী কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইউনিয়নভিত্তিক খেলার মাঠসহ বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দালালদের এড়িয়ে সরাসরি সরকারি দপ্তরে যোগাযোগ করার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণে সমাবেশটি মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত নারীদের সরকারি সেবা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *