আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বসবাসরত দরিদ্র, অসহায় ও কর্মহীন ২২৬ জন নারীর মাঝে ভিডব্লিউবি (VWB) প্রকল্পের আওতায় ৩০ কেজি করে পুষ্টিকর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার মতো আটাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণেও চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু উপকারভোগীদের হাতে পুষ্টিকর চাল তুলে দেন।
চাল বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাগর চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা সদস্য গোধূলী রানী, মোছা. কুলছুমা বেগম, ললিতা রানীসহ অন্যান্য ইউপি সদস্য এবং উপকারভোগী নারীরা।
পুষ্টিকর চাল পেয়ে উপকারভোগীরা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তার চাল তাদের পরিবারের কয়েক দিনের খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে।

