মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদের নেতৃত্বে উপজেলার গোপদিঘী আহমদ বাজার এলাকায় নৌকাযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেলসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেল জানান, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নির্দেশনায় মিঠামইন হাওর এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানায়, হাওরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নদীপথে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

