সর্বশেষ :
19 Oct 2026, Mon

হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহরে পুলিশের বাধা

হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহরে পুলিশের বাধা

শ্রীমঙ্গল: হবিগঞ্জে দলীয় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন।

পুলিশ জানিয়েছে, হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারার কারণে নেতাদের সেখানে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। এ সময় এনসিপির নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এর আগে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পাশাপাশি সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে দলের নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *