স্পোর্টস ডেস্ক: ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি হয়েছে।
২০২৬ বিশ্বকাপ শেষে দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর জিদানকে দায়িত্ব দেওয়া হলো। এর আগে বিষয়টি নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে জোর আলোচনা থাকলেও এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো।
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও সফল। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব রয়েছে তার। ২০২১ সালে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর এবারই আবার কোচিংয়ে ফিরছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর ৫৪ বছর বয়সী জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের। এই দায়িত্ব পাওয়ায় আমি ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই। জাতীয় দলকে নিয়ে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিদানের যাত্রা শুরু হবে।

