ঢাকা: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স শর্তসাপেক্ষে পুনরায় ফিরে পেয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্স বাতিলের পর হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে গঠিত তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটি পরিচালনায় কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ দিতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

