আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম মতবিনিময় ও আলোচনা সভা করেছেন। সোমবার বিকেলে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, আপনাদের দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে পাঁচবিবি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক বিএনপি নেতা সাঈদ ইবনে আলী মাস্টার, স্থানীয় কাউন্সিলর আমজাদ হোসেন, সাবেক থানা ছাত্রদলের সভাপতি জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হাসানুজ্জামান রাব্বি এবং পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

