সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে কচুরিপানায় ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর

নাটোরে কচুরিপানায় ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু চুরির অভিযোগে কচুরিপানার নিচে প্রায় ৯ ঘণ্টা আত্মগোপন করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি দুই সন্দেহভাজনের। দীর্ঘ তল্লাশি চালিয়ে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ছোট চৌগ্রাম বাজার এলাকায় একটি ট্রাক থেকে গরু চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে দুজন পাশের একটি খালের ঘন কচুরিপানার নিচে লুকিয়ে পড়ে, অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

এরপর এলাকাবাসী খালটি ঘিরে রেখে টানা প্রায় ৯ ঘণ্টা তল্লাশি চালায়। একপর্যায়ে কচুরিপানার ভেতর থেকে দুই সন্দেহভাজনকে বের করে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও স্থানীয়রা তাদের নিরাপদে আটক রেখে প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

স্থানীয় যুবক রাকিব বলেন, ওরা কচুরিপানার নিচে লুকিয়ে থেকে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু এলাকাবাসী খাল ঘিরে রাখায় শেষ পর্যন্ত বের হয়ে আসতে বাধ্য হয়।

তাৎক্ষণিকভাবে আটক দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *