সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় জাসাস নেতার ওপর হামলার অভিযোগে মানববন্ধন

নলডাঙ্গায় জাসাস নেতার ওপর হামলার অভিযোগে মানববন্ধন

নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো. আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে মানববন্ধন করেছেন জাসাসের নেতাকর্মীরা। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর জাসাসের আয়োজনে নলডাঙ্গা রেলওয়ে প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই মানববন্ধন। তারা অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নাম ভাঙিয়ে একটি চক্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সাংবাদিক লাঞ্ছনাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। একই চক্র নলডাঙ্গা পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো. আকবর আলীর ওপর রাতের আঁধারে হামলা চালিয়ে তাকে মারধর করে এবং মোটরসাইকেল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু ও তার সহযোগীরা আকবর আলীর পথরোধ করেন। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এ সময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে অভিযুক্তরা তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সমবায় দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, পৌর সমবায় দলের সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম, পৌর জাসাসের সভাপতি মো. শাহিন মোল্লাসহ অন্যান্য নেতারা।

এ বিষয়ে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *