ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বুধবার (৮ জুলাই) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সাক্ষ্য-প্রমাণ, ভিডিওচিত্র, আলোকচিত্র, নথিপত্র ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি পর্যালোচনা শেষে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে তদন্ত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।
মামলার প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, ডিবি কর্মকর্তা হারুন এবং সাংবাদিক মোজাম্মেল বাবুসহ মোট ২৮ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২১ জুলাই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর তদন্ত প্রতিবেদন জমা পড়লে দ্রুত আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হবে। তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই অভিযোগ আনার প্রস্তুতি চলছে। তবে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের আগে সম্ভাব্য আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে না।

