দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের মরহুম শকুল উদ্দিন সারেং-এর ছোট ছেলে, দীর্ঘ ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেজবাহ উদ্দিন শহিদ আর নেই| (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত দুই বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন| গত ২ জুলাই বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন|
মরহুমের বড় ভাই ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপক ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন| তাঁর মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন (ঘিনু) বর্তমানে জীবিত রয়েছেন|
মৃত্যুকালে মেজবাহ উদ্দিন শহিদ স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও বন্ধু-স্বজন রেখে গেছেন|
মরহুমের জানাজার নামাজ ৯ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পামডেল ইসলামিক মরচুয়ারি সেমিটারিতে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়| পরে সেখানেই তাঁকে দাফন করা হয়|
লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ জানাজা ও দাফনের সার্বিক আয়োজন করেন| মরহুমের পরিবারের পক্ষ থেকে এ জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন| মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করেন- আমিন|

