আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. নাজমা বেগম। ইতোমধ্যে জেলা বিএনপির হাইকমান্ড তাঁকে দলীয়ভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
নাজমা বেগম দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলা মহিলা দলের সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিএনপির একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর প্রয়াত স্বামী মরহুম মঞ্জুরুল ইসলাম ছিলেন শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। জীবদ্দশায় তিনি বালিঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং পরবর্তীতে পাঁচবিবি পৌরসভার কাউন্সিলর হিসেবে মোট পাঁচবার জনপ্রতিনিধি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
নাজমা বেগমের পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
এ বিষয়ে নাজমা বেগম বলেন, আমি সকলের দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আপনাদের ভালোবাসায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সরকারিভাবে প্রাপ্য এক দিনের বেতন-ভাতাও আমি গ্রহণ করব না। সেই অর্থ এলাকার গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করব।
তাঁর এই ঘোষণায় উপজেলার তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় বিএনপির নেতারা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসংযোগের কারণে নাজমা বেগমের প্রার্থিতা দলকে আরও শক্তিশালী করবে।

