বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে আজিজনগর মিশনপাড়া এলাকায় দুটি পরিবারের শিশুসহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন এবং অপর পরিবারের ২ জন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে একটি পাহাড়ের একাংশ ধসে নিচে থাকা একটি মাটির ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা মাটিচাপা পড়েন।
নিহতরা হলেন— মিশনপাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তাঁর স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের সন্তান মো. সোলেমান (৪)। অপর পরিবারের নিহত সদস্যরা হলেন একই এলাকার আলী হায়দারের ছেলে জুয়েল (৩৫) এবং তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মাটিচাপা অবস্থায় একে একে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন জানান, পাহাড় ধসে মাটির দেয়াল ও ইটের দেয়াল চাপা পড়ে দুই পরিবারের শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ শেষে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নারী সদস্য (মেম্বার)সহ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো আজিজনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি উজানের ঢলে লামা উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে ইতোমধ্যেই প্লাবিত হয়েছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লামা বাজারসহ বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল। ফলে লামা পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত এবং মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

