আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসার মাধ্যমে সাপে কাটা এক নারী রোগীকে সুস্থ করে তুলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সংরক্ষিত অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে রোগীকে মৃত্যুঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আটাপুর এলাকার মৃত তফিজ উদ্দিনের স্ত্রী জেবুন্নেছা খাতুনকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। এতে তিনি মৃত্যুঝুঁকি থেকে রক্ষা পান।
জেবুন্নেছার পরিবার জানায়, হাতপাখা তৈরির জন্য ঘরে বস্তায় রাখা পুরোনো কাপড় খোঁজার সময় বস্তার ভেতরে লুকিয়ে থাকা একটি সাপের বাচ্চা তার হাতে কামড় দেয়। এতে তার হাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে দ্রুত তাকে মহীপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, হাসপাতালে সংরক্ষিত অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগের পর রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। দ্রুত হাসপাতালে ভর্তি ও সময়মতো চিকিৎসা দেওয়ায় তিনি এখন ঝুঁকিমুক্ত। বর্তমানে জেবুন্নেছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্পূর্ণ সুস্থ হলে তাকে বাড়ি পাঠানো হবে।
তিনি আরও বলেন, বর্ষাকালে এবং শীতের শুরুতে সাপের উপদ্রব বেড়ে যায়। এ সময় অন্ধকারে চলাচল ও বিভিন্ন স্থানে হাত দেওয়ার আগে সতর্ক থাকতে হবে। সাপে কামড়ালে কোনো ধরনের ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে রোগীকে ভর্তি করার পরামর্শ দেন তিনি।

