পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছদ্মবেশে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাখাওয়াত হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীমন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশে সুকৌশলে সাখাওয়াতের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

