মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার চারশ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
একই সময়ে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার আওতায় প্রাপ্ত নগদ অর্থ ও চেক বিতরণ করেন। পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পক্ষ থেকেও চেক বিতরণ করা হয়।
বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আওতায় এক হাজার তিনশ কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া একশ কৃষকের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং একটি করে কীটনাশকের প্যাকেট বিতরণ করা হয়। একই সঙ্গে এক হাজার কৃষকের প্রত্যেককে একটি করে মাস্টার প্যাকেট গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি. কিবরিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান হাজী হাফেজ মো. দ্বীন ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা।
পরে তিনি কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা টিএনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এছাড়া কুলিয়ারচর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
এরও আগে সকালে তিনি উপজেলার পশ্চিম গোবরিয়া গ্রামে গিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সহ-সভাপতি শামসু উদ্দিনের কবর জিয়ারত করেন। পরে উপজেলার উছমানপুর ইউনিয়নে গিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলামের কবর জিয়ারত করেন।

