মো. রাশেদুল ইসলাম (নাটোর): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে নাটোরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ‘১১ দলীয় ঐক্য, নাটোর জেলা’-এর আয়োজনে বাদ আসর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা ড. মোহাম্মদ মীর নূরুল ইসলাম, এনসিপির জেলা নেতা আব্দুল মান্নানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আজ আমরা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একত্রিত হয়েছি। এ দিনে আমরা সেই সব মানুষের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
বক্তারা আরও বলেন, আমাদের দাবি- যে কোনো হত্যাকাণ্ড বা সহিংস ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনের ভিত্তিতে তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। পাশাপাশি বর্তমান সরকারের কাছে গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানাই।

