বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডাকা পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের অনুরোধে উভয় দল তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করায় সম্ভাব্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
জানা যায়, গত ২৯ জুন রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতিসহ উভয় দলের অন্তত সাতজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে ৩০ জুন বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে একই সময়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় উভয় দল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ৩০ জুন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা ও এর আশপাশের ৫০০ গজ এলাকার মধ্যে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। ফলে ওই দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এরপর ৩০ জুন রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা ১ জুলাই বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করে। একই স্থানে জাতীয়তাবাদী দল (বিএনপিও) পৃথক কর্মসূচি ঘোষণা করলে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তার স্বার্থে উভয় দলের নীতিনির্ধারকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানায়। পরে পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ এবং পলাশবাড়ী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত পৃথক পত্রে নিজ নিজ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
উভয় দলের কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ।
এদিকে, উভয় দল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কর্মসূচি প্রত্যাহার করায় প্রশাসনের পক্ষ থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে।

