লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় রোধে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য ১ হাজার টাকা কর আরোপের প্রস্তাব দিয়েছেন।
শুক্রবার রাজধানীর এক আলোচনাসভায় তিনি বলেন, বিয়ে ও গায়েহলুদ অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক, নাচ-গান ও খাদ্যের ব্যাপক অপচয় হয়। এমনকি এসব অনুষ্ঠানে ‘অশ্লীল প্রদর্শনী’ও দেখা যায় বলে মন্তব্য করেন তিনি। তাই অপচয় কমাতে অতীতে প্রচলিত অতিথি নিয়ন্ত্রণ আইন পুনরায় কার্যকর করার আহ্বান জানান এই সংসদ সদস্য।
তিনি আরও বলেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য ১ হাজার টাকা কর নির্ধারণ করা হলে অযথা অপচয় কমবে। এর আগে গত ২২ জুন জাতীয় সংসদেও তিনি একই প্রস্তাব তুলে ধরেন।

