ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পর বাধ্যতামূলকভাবে নবায়নের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের হালনাগাদ বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ এবং পরিচয় নিশ্চিতকরণে জটিলতা এড়াতে বিষয়টি বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা চলছে।
ইসি কর্মকর্তাদের মতে, দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষের চেহারা ও আঙুলের ছাপের পরিবর্তন ঘটে, যা পরিচয় যাচাইয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বর্তমানে চাইলে যে কেউ এনআইডি নবায়নের আবেদন করতে পারেন। তবে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি; এটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

