মো. রাশেদুল ইসলাম (নাটোর): “World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা ১০টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতুসহ সরকারি কর্মকর্তা, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের জন্যও বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

