ঢাকা: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিছু প্রক্রিয়া সম্পন্ন হলেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হবে।
আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, নিম্ন আদালতের রায়ের নথিপত্র পর্যালোচনা করে তিনি আসামিপক্ষে আইনি লড়াই করবেন।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৭ জুন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয় এবং তারা জেল আপিল করেন।

