সর্বশেষ :
19 Oct 2026, Mon

নিষিদ্ধ সন্ত্রাসী দলের কর্মকাণ্ড ঠেকাতে খাগড়াছড়ি জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সন্ত্রাসী দলের কর্মকাণ্ড ঠেকাতে খাগড়াছড়ি জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ সন্ত্রাসী দলের কর্মকাণ্ড ঠেকাতে খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের মুক্তমঞ্চ থেকে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাঙা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে ভাঙা ব্রিজ এলাকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. আব্দুর রব রাজা।

তিনি বলেন, বিগত সরকারের সন্ত্রাসীরা দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে গুম-খুনসহ নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে। তাই খাগড়াছড়ির শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে তারা এ জেলায় কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, খাগড়াছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাশেম ভূঁইয়াসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *