দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় চার মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দোহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক হাওলাদার (৪৫), প্রিন্স বেপারী (২৪), লিমন ফকির (২৮), মো. মিরাজ হোসেন (৩৬), রিসাদ খান (২২), মুনিবুর রহমান মাসুম (৩৮), তুষার (৩০) এবং ছায়রা। তারা সবাই দোহার উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি, একজন দস্যুতা মামলার আসামি এবং একজন সিআর মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দোহার থানা এলাকায় রোববার রাত ৯টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

