পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্তের চেঁচড়া মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার রামভদ্রপুর গ্রামের আবু রায়হানের ছেলে শাওন হোসেন (৩২)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে চেঁচড়া মোড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাওনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।
ওসি বলেন, উপজেলার মানুষের জানমাল রক্ষায় চুরি-ছিনতাই প্রতিরোধের পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

