পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ প্রায় লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের কচুগাড়ি সীমান্ত এলাকায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় রামভদ্রপুর স্কুল থেকে কয়া-চৌমুহনী বাজারগামী পাকা সড়ক থেকে অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, গত রাতে থানার এসআই মো. আসাদুজ্জামান আসাদ, এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. দুলাল হোসেন ও এএসআই মো. হুমায়নসহ সঙ্গীয় ফোর্স বাগজানার কচুগাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

